শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত কিশোরগঞ্জের যুবক জাহাঙ্গীর

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মাইন বিস্ফোরণে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার যুবক জাহাঙ্গীর হোসেন (২৪) নিহত হয়েছেন।

রাশিয়ায় থাকা তার সহযোদ্ধা নরসিংদীর মৃদুল হোসেন শুক্রবার (২২ মে) বিকেলে জাহাঙ্গীর হোসেনের পরিবারকে বিষয়টি জানান। তিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।

নিহত জাহাঙ্গীর হোসেন (২৪) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের বাবা হাবিবুর রহমানের মৃত্যুর পর মা জাকিয়া বেগম জীবিকার তাগিদে জাহাঙ্গীর হোসেনসহ তিন সন্তানকে নিয়ে ঢাকায় পাড়ি জমান। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করে তিনি সন্তানদের মানুষ করেন। পরিবারের দারিদ্র্য দূর করতে ঋণের টাকায় তিন মাস আগে কাজের ভিসায় রাশিয়ায় যান জাহাঙ্গীর হোসেন। সেখানে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি পরিবারের সদস্যরা জানতেন না। গত ১৮ মে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে সম্মুখসারিতে যুদ্ধ করছিলেন জাহাঙ্গীর হোসেন ও তার সহযোদ্ধা মৃদুল হোসেনসহ বাংলাদেশের সাতজন। এই সময় ইউক্রেনের ড্রোন হামলা হয় এবং মাইন বিস্ফোরণ ঘটে। এতে জাহাঙ্গীর হোসেনসহ তিনজন বাংলাদেশি নিহত হন। নিহত বাকি দুইজন বাংলাদেশি হলেন-মাদারীপুর জেলার সুরুজ কাজী ও কুমিল্লা জেলার ইউসুফ খান। রাশিয়ায় থাকা জাহাঙ্গীর হোসেনের সহযোদ্ধা নরসিংদীর মৃদুল হোসেন শুক্রবার (২২ মে) বিকেলে জাহাঙ্গীর হোসেনের পরিবারকে মৃত্যুর বিষয়টি জানান।

এদিকে জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। তার বাড়িতে রয়েছেন স্ত্রী মাসুদা হোসেন ও আড়াই বছরের শিশু সন্তান আযান হোসেন। এছাড়াও রয়েছেন মা জাকিয়া বেগম, ভাই জাবেদ হোসেন ও বোন জান্নাতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর খবরে প্রতিবেশিরাসহ স্থানীয় লোকজনও জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ভিড় করছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ