গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা এবং থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পর্যন্ত এই দুই মামলায় কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় গত ২৩ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এতে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে ১ নম্বর এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হক শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস কালুসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।
বিজিবির দায়ের করা মামলার এজাহারে বলা হয়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা (খালেক) বাজার এলাকায় একদল দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সরকারি কাজে বাধা দেয়। হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলায় বিজিবির কয়েকজন সদস্য সাধারণ ও গুরুতর জখম হন।
এ সময় হামলাকারীরা সরকারি যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং সরকারি মালামালের ব্যাপক ক্ষতি সাধন করে। বৃহস্পতিবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আরেকটি মামলা করে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে দায়ের করা এই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট হাজার জনকে আসামি করা হয়েছে।
নামীয় আসামিদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামসুল হক এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস।
পুলিশের মামলার এজাহার অনুযায়ী, থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় থানা ভবন, ব্যারাক ও সরকারি যানবাহনসহ প্রায় ২১ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে পুলিশের মামলায় ৮ হাজার ২৬ জন এবং বিজিবির মামলায় ৫ হাজার ৮ জনসহ মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে।
সার্বিক বিষয়ে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে জানান, থানা ও বিজিবির ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।








