সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ

স্থগিত করার ১১ মাস পর কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এই নতুন কমিটিতে রয়েছেন—সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব ও সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে শনিবার (২ মে) পাঁচ সদস্যের এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত বছরের ১৫ মে পাঁচ সদস্যের জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। কিন্তু ২৪ দিনের মাথায় সেই কমিটি স্থগিত করা হয়। উক্ত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন রেদুয়ান রহমান ওয়াকিউর। এবারের নতুন কমিটিতে চারজনকে রেখে বাদ দেওয়া হয় সাধারণ সম্পাদক রেদুয়ান রহমান ওয়াকিউরকে।

এই প্রসঙ্গে রেদুয়ান রহমান ওয়াকিউর বলেন, গত বছর কমিটি ঘোষণা হওয়ার পর নতুন উদ্যমে কাজ শুরু করেছিলাম। কিন্তু মাত্র ২৪ দিনের মাথায় কোনো কারণ উল্লেখ না করেই আমাদের কমিটি স্থগিত করা হয়। এরপরও দলীয় সকল কার্যক্রম এবং জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে দিনরাত কাজ করেছি। কিন্তু এবারের নতুন কমিটিতে আমাকে বাদ দেওয়ায় বিস্মিত হয়েছি।

তিনি বলেন, যে বয়সে পড়ালেখার পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার কথা, সেই বয়সে জীবনের মায়া ত্যাগ করে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। হুলিয়া মাথায় নিয়ে ঘর, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন সময় পার করেছি।

আক্ষেপ করে তিনি আরও বলেন, প্রত্যেকেই তার কাজের স্বীকৃতি আশা করে। কিন্তু আমার ক্ষেত্রে হলো উল্টো। এতে সংগঠনের অনেক কর্মী-সমর্থক হতাশ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ