,

মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে, মুকুট জিতলেন যারা

সৌন্দর্যের সঙ্গে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর প্রতিভার মেলবন্ধন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে বসে এই জমকালো অনুষ্ঠান।

মিস ও মিসেস দুই বিভাগে বিজয়ীদের পাশাপাশি ঘোষণা করা হয়েছে ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ীর নাম।

আলো ঝলমলে মঞ্চ, র‍্যাম্প ওয়াক আর ফ্যাশন উপস্থাপনা। গ্র্যান্ড ফিনালেতে নিজেদের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রতিভা তুলে ধরেন নির্বাচিত প্রতিযোগীরা। নানা ধাপের বাছাই ও গ্রুমিং শেষে ঘোষণা করা হয় এবারের সেরাদের নাম।

মিস ক্যাটাগরিতে বিজয়ীর মুকুট জিতে নেন সুমি রানি। প্রথম রানারআপ নির্বাচিত হন রওনক তাসনিম ঐশী। মঞ্চে তার প্রাণবন্ত ও সাবলীল উপস্থিতিতে দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। তার আত্মবিশ্বাসী উপস্থাপনা নজর কাড়ে উপস্থিত অতিথিদেরও। দ্বিতীয় রানারআপ হয়েছেন সাবরিনা নাহার মহিমা।

অন্যদিকে, মিসেস ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন ফারহানা হোসেন বিথি। প্রথম রানারআপ জন্নাতুল ফেরদৌস কেয়া, দ্বিতীয় রানারআপ সায়মা হাসিবা অপূর্ব।

এ ছাড়া ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন নওরিন নাওয়ার অরিত্রি। মিস ফায়ার নির্বাচিত হয়েছেন সপ্তর্ষি ক্রুজ, মিস এয়ার জেনি জাহান এবং মিস ওয়াটার হয়েছেন রায়হানা আক্তার মিম।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা ও মডেল অন্তু করিম, এশিয়া জুয়েলার্সের প্রতিষ্ঠাতা তাসনুভা খান এবং নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার তানজিল জনি এবং কোরিওগ্রাফার গৌতম সাহা।

মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের চিফ এডভাইজার রাজু আলীম, তার বক্তব্যে অনুষ্ঠানের বিষয় দিকগুলো তুলে ধরেন।পাশাপাশি তিনি বিজয়ীদের নিয়ে নতুন সিনেমার ঘোষণা করেন।

‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এবং সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তারের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ইবনে সাঈদ অঙ্কুর, বারিশা হক ও মাজহার সুমন।

আয়োজকদের প্রত্যাশা, এই মঞ্চ থেকে উঠে আসা প্রতিভাবান নারীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

আত্মবিশ্বাস, সৌন্দর্য আর প্রতিভার উদ্‌যাপনে নতুন সম্ভাবনার বার্তা দিয়ে শেষ হলো ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ