,

গাজীপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শালা দুলাভাইয়ের মৃত্যু

গাজীপুর মহানগরের পূবাইলে অটোরিকশার ব্যাটারি চার্জার থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পূবাইল থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গতকাল মহানগরের পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া গ্রামের ‘মামা-ভাগিনা ব্যাটারি হাউস’-এর মালিক সুজন মিয়ার অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুজন মিয়া (৩৩), ময়মনসিংহের গফরগাঁও থানার ঘাগরা গ্রামের মৃত আফাজ উদ্দিন শেখ ও মৃত মুলিনা খাতুনের ছেলে।

তিনি বর্তমানে পূবাইল থানার ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান পশ্চিমপাড়ায় আবদুল মতিনের বাড়িতে ভাড়া থাকতেন।

অপরজন মোহাম্মদ সোহাগ (২৭), গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের শিলমুন এলাকার ওয়াজ উদ্দিন ও মোছাম্মৎ শাবানা বেগমের ছেলে। তাঁরা সম্পর্কে শালা-দুলাভাই।

পুলিশ জানায়, সোহাগ সুজনের অটোরিকশার গ্যারেজ থেকে অটোরিকশা বের করার সময় ব্যাটারি চার্জার থেকে সংযোগ খুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুতায়িত হন। বিষয়টি দেখে সোহাগকে বাঁচাতে তাঁর দুলাভাই সুজন মিয়া শরীরে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে সুজনের স্ত্রী শিখা আক্তার ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করেন। আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে দ্রুত টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ