,

ক্যাম্পাসের লড়াই এবার ফ্লাডলাইটের আলোয়

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট ও ফুটবল প্রতিভা তুলে ধরার মঞ্চ তৈরি করতে আগামী ২৫ অক্টোবর শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেবে দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

ক্রিকেট ও ফুটবলে বড় অঙ্কের প্রাইজ মানির পাশাপাশি এবারই প্রথম ফ্লাডলাইটের আলোয় খেলার সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ক্যাম্পাসের লড়াই এবার ফ্লাডলাইটের আলোয়টুর্নামেন্ট শুরুর আগে গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় মিলিত হন অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা। অধিনায়ক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘ক্যাপ্টেনস মিট’-এ প্রতিযোগিতা ঘিরে নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তাঁরা। শুধু মাঠের লড়াই নয়, প্রতিযোগিতার আনুষ্ঠানিক প্রস্তুতিও এগিয়ে নেওয়া হয় এই আয়োজনে।

টুর্নামেন্টের নিয়ম-কানুন ও খেলার সূচি নিয়ে আলোচনার পাশাপাশি লটারির মাধ্যমে গ্রুপ চূড়ান্ত করা হয়। উন্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি ও জার্সি। পরে অংশগ্রহণকারী দলের অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয় জার্সি।
এবারের আসরে ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই থাকছে বড় অঙ্কের পুরস্কার।

প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা, আর রানার্স আপ দলের জন্য বরাদ্দ পাঁচ লাখ টাকা। অর্থাৎ দুই বিভাগ মিলিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলোর জন্য মোট ৩০ লাখ টাকার প্রাইজ মানি থাকছে। ১০ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠার প্রত্যাশা আয়োজকদের। প্রতিযোগিতায় থাকছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাকে গুরুত্ব দিচ্ছেন আয়োজকরা।

অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, ‘আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়াচর্চা আরো সমৃদ্ধ হবে, নতুন প্রতিভা উঠে আসবে এবং একদিন এই মঞ্চ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এখানকার তরুণরাই।’ দলগুলোর অধিনায়কদের নিয়ে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির অ্যাডভাইজার বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া, মাহবুবুর রহমান, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশনস ম্যানেজার (ফুটবল) সালমান হাসান এবং অপারেশনস ম্যানেজার (ক্রিকেট) ইকরাম হোসেন রাফি। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও দলগত সংহতি বাড়াবে। একই সঙ্গে ক্রিকেট ও ফুটবলের প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ করে দেবে এবিজি ইউনিভার্সিটি কাপ। এখান থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় উঠে আসবে বলে প্রত্যাশা তাঁদের।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ