রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়া-২: মাঠে মান্না, ভোটের অঙ্কে মুখোমুখি বিএনপি –জামায়াত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রচারণা এখন চরমে। সাতজন প্রার্থী থাকলেও মাঠপর্যায়ের অনুসন্ধানে উঠে আসছে ভিন্ন চিত্র। এ আসনে ভোটের লড়াই ত্রিমুখী নয়, কার্যত দ্বিমুখী। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা গড়াবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যেই। ইতোমধ্যে জাতীয়পার্টি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ নিরাপত্তা সংঙ্কায় নির্বাচন থেকে সরে দাড়িয়েছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীক নিয়ে এলাকায় সরব প্রচারণা চালাচ্ছেন। দীর্ঘ আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি নিজের অবস্থান শক্ত বলে দাবি করছেন। তবে জোটের বাইরে থাকা এই প্রার্থী মাঠে দৃশ্যমান হলেও ভোটের হিসাব নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেক ভোটার।

মান্না বলেন, ‘আমি ১৫ বছর আন্দোলনের মাঠে ছিলাম। জোটের প্রার্থী নই বলে আমার ভোট কমছে—এমন নয়।’ কিন্তু স্থানীয় রাজনীতির বাস্তবতায় দলীয় প্রতীকের প্রভাবই এখানে মুখ্য বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ভোটাররা জানিয়েছে, শিবগঞ্জে ব্যক্তির চেয়ে সংগঠিত দলই ভোটের ফল নির্ধারণ করে।

অন্যদিকে ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সংগঠনকে পুঁজি করে এগোচ্ছেন। বিএনপি নেতারা বলছেন, প্রার্থী–দল–প্রতীক এক হয়ে যাওয়ায় তাদের অবস্থান এবার তুলনামূলক শক্ত।

মীর শাহে আলম বলেন, ‘৩২ বছর ধরে বিপদে–আপদে মানুষের পাশে থেকেছি। এই নির্বাচন আমার জন্য চ্যালেঞ্জ নয়।’

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামানও মাঠে সরব হয়ে সংগঠিত প্রচারণা চালাচ্ছেন। তার পুরনো ভোটব্যাংক ও ব্যক্তিগত যোগাযোগ এখনও বড় শক্তি বলে মনে করছেন স্থানীয়রা। তিনি বলেন, ‘মানুষ দেখেছে আমি কাজ করেছি। সে কারণেই আমার ওপর তাদের আস্থা আছে।’

বগুড়া-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রয়েছে উদ্বেগ। হাট-বাজার ও গ্রামাঞ্চলে ভোটারদের আলোচনায় ঘুরে ফিরে আসছে একই কথা—মান্না আলোচনায় থাকলেও ভোটের বাস্তব লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। শেষ মুহূর্তে ভোটের মেরুকরণ কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে এখন শিবগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ