,

প্রধানমন্ত্রীকে আলিঙ্গনের চেষ্টার পর ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর সময় আলিঙ্গনের চেষ্টা করার পর রাজশাহীর বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে ইউসুফ আলীকে ওএসডি করার কারণ উল্লেখ করা হয়নি।

প্রজ্ঞাপন অনুযায়ী, তার স্থলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আদেশ জারির পর মঙ্গলবারই রাজশাহী ত্যাগ করেন ইউসুফ আলী।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। দিনভর রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি এবং জনসভায় অংশ নেওয়ার পর রাত ৭টার দিকে একই বিমানে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর পর্বে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর আচরণ নিয়ে আপত্তি ওঠে। অভিযোগ অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় তিনি আলিঙ্গনের চেষ্টা করে তাঁর দিকে এগিয়ে যান। ঘটনাটিকে নির্ধারিত ভিআইপি প্রটোকলের ব্যত্যয় হিসেবে বিবেচনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে ইউসুফ আলীকে ওএসডি করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ওই ঘটনার উল্লেখ নেই।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ