পটুয়াখালী শহরে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন সৈয়দ আতাউল্লাহ (১৯) নামে এক যুবক। নিখোঁজের কয়েক ঘণ্টার মাথায় ওই যুবকের মোবাইল ফোন থেকেই পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ যুবকের বাবা শনিবার (২৩ মে, ২০২৬) পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণ
নিখোঁজ আতাউল্লাহ পটুয়াখালী পৌর শহরের গোরস্থান রোড এলাকার বাসিন্দা সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে:
শনিবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে
৬১ হাজার টাকা নিয়ে সদর রোডস্থ পূবালী ব্যাংক শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে বাড়ীর থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে আসার পর আর ফিরে বাড়ীতে ফিরে যাননি।
নিখোঁজের পর দুপুর ২টা ৫ মিনিটের দিকে আতাউল্লাহর ব্যক্তিগত মোবাইল ফোন থেকে তার বাবার কাছে একটি বার্তা (SMS) আসে। সেখানে এক লাখ টাকা দাবি করা হয়। সৈয়দ দেলোয়ার হোসেন জানান, ওই নম্বরে কল করা হলে প্রথমে তার ছেলে কথা বলেন এবং টাকা দিয়ে দিতে বলেন। কিন্তু পরক্ষণেই অজ্ঞাত এক ব্যক্তি ফোন কেড়ে নেয় এবং দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে। ছেলের অবস্থান জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
সন্তানের এমন আকস্মিক নিখোঁজ ও অপহরণের আশঙ্কায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা।
পটুয়াখালী সদর থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, মোবাইল লোকেশন ট্র্যাকিং ও অন্যান্য প্রযুক্তির সহায়তায় যুবককে উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






