কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এই ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
হত্যাকাণ্ডে নিহত রমজান আলী (৪৫) উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান আলীর ছেলে জুয়েল (২৩) মাদকাসক্ত ছিলেন। জুয়েল (২৩) নেশার টাকার জন্য প্রায়শই পরিবারের সদস্যদেরকে অত্যাচার করতেন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রোববার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে জুয়েল দা দিয়ে তার বাবা রমজান আলীকে কোপাতে থাকেন। এই সময় রমজান আলীর ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা গিয়ে জুয়েলকে আটক করে এবং রমজান আলীকে চিকিৎসার জন্য তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে (রমজান আলী) মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক জুয়েলকে থানায় নিয়ে যায়।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









