,

ওয়েস্ট ইন্ডিজের ২৪৫ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রথম ইনিংসের ২৭ রানের লিডকে পুঁজি করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় বোলিং তোপের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মাত্র ৩৩ রান তুলতেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে তীব্র ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। দলের এই ব্যাটিং বিপর্যয়ের মাঝেই মিরপুরে বৃষ্টি হানা দিলে আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই চা-বিরতির ঘোষণা দেন।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় মাত্র ১ রানের মাথায় ব্যক্তিগত শূন্য রানে শামার জোসেফের বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন এবং দলীয় লিড ৫০ পার করান। তবে ইনিংসের ১১তম ওভারে অফস্পিনার রোস্টন চেজের স্পিন জাদুতে ম্যাচ পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে চলে যায়।

চেজের সোজা বলের লাইন মিস করে প্রথমে বোল্ড হন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম। তিনি ৩০ বলে ১৩ রান করেন। এক বল বিরতি দিয়েই ওয়ানডাউনে নামা তাওহীদ হৃদয় বিলাসী শট খেলতে গিয়ে মিড-অন ফিল্ডারের হাতে অনায়াসে ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় নেন।

নিজের পরের ওভারে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রোস্টন চেজ। শান্ত ৩৭ বলে ১০ রান করে রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে তাকে সাজঘরে ফিরতে হয়। মাত্র ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।

এর আগে ম্যাচের তৃতীয় দিনে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হয়ে দারুণ এক হাফসেঞ্চুরি তুলে নেন ওপেনার তেজনারায়ণ চন্দরপল। ১৮৪ বলে ৫৬ রান করা চন্দরপলকে স্লিপে শান্তর ক্যাচ বানিয়ে ব্রেক-থ্রু এনে দেন শরিফুল ইসলাম। এরপর জাস্টিন গ্রিভসের ৪৬ রানের ওপর ভর করে লাঞ্চের পর ভালো সংগ্রহের দিকে এগোচ্ছিল সফরকারীরা।

মধ্যাহ্নভোজের বিরতি শেষে বাংলাদেশের দুই অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান মিলে ওয়েস্ট ইন্ডিজের লেজ ছেঁটে দেন। অভিষিক্ত অলরাউন্ডার জশুয়া বিশপকে ১৫ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মিরাজ। এরপর বাকি ৩টি উইকেট একাই তুলে নেন নাঈম হাসান। তিনি শামার জোসেফ, জোমেল ওয়ারিকান এবং জেইডেন সিলসকে দ্রুত বিদায় করলে ২৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ