ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৩ হাজার ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়া বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে এবার মন্ত্রী হিসেবে পেতে চান তাঁর নির্বাচনী এলাকার উপকূলের মানুষ। তাঁকে মন্ত্রীসভায় সদস্য করার দাবিতে আজ রবিবার বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবে কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সন্মেলনে কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন বলেন, পটুয়াখালী-৪ আসনটি দুইটি উপজেলা, তিনটি থানা, দুইটি পৌরসভার প্রশাসনিক কাঠামো নিয়ে বাংলাদেশের অন্যতম এবং বরিশাল বিভাগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এই আসনে কলাপাড়া উপজেলায় রয়েছে শের-ই-বাংলা নৌ-ঘাঁটি, পায়রা সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী বিদ্যুৎ প্লান্ট, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস অবতরণ কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, মৎস গবেষণা কেন্দ্র ও কুয়াকাটা পর্যটন কেন্দ্র, মা ইলিশ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রম। এই জনপদকে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের জন্য এবিএম মোশাররফ হোসেনের মতো একজন সুদক্ষ, অভিজ্ঞ সংসদ সদস্যকে যে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি শতভাগ সফলকাম হবেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় ও নেতৃত্বের যোগ্যতায় এমন একজন সফল রাজনীতিককে আমরা মন্ত্রী হিসেবে পেলে এই জনপদ তথা দেশের মধ্য উপকূলকে অর্থনৈতিক উন্নয়নের করিডোরে পরিণত করতে সফলকাম হবেন। এই দাবিটি তিন লাখ ভোটারের প্রাণের দাবি। তাই অপার সম্ভাবনার এ জনপদের কাংখিত জনপ্রতিনিধি এবিএম মোশাররফ হোসেন-কে মন্ত্রী পরিষদে স্থান দেয়ার জোড়ালো দাবি কলাপাড়া নাগরিক সমাজের।







