স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেছেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও জ্ঞানের সুপরিকল্পিত ব্যবহার অপরিহার্য।
এলজিইডি দেশের গ্রামীণ ও শহর অঞ্চলের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ক্রিলিকের এই ‘নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস)’ দেশের প্রকৌশলী, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতা আদান-প্রদানের একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সোমবার এলজিইডি’র সদর দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল হোসেন এ কথা বলেন।
এলজিইডি’র অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) উদ্যোগে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস) প্রণয়ন ও সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন (এসএডি) বিষয়ক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী ও ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এসডিআইআরআইআইপি) পরিচালক মো. লতিফ হোসেন এবং ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকগণ উপস্থিত ছিলেন।
মো. আজহারুল ইসলাম বলেন, যে কোনো টেকসই সফটওয়্যার বা সিস্টেমের মূল ভিত্তি হলো তার সঠিক অ্যানালাইসিস ও নিখুঁত ডিজাইন।
তিনি আরও বলেন, এই কর্মশালার মাধ্যমে যে সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস) এবং সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন (এসএডি) চূড়ান্ত করা হচ্ছে, তা ভবিষ্যতের একটি শক্তিশালী ও ব্যবহারকারীবান্ধব ডেটাবেজ তৈরিতে ভূমিকা রাখবে।
আজহারুল ইসলাম বলেন, ক্রিলিকের এই উদ্যোগ এলজিইডি’র প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।
কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের সফটওয়ার ডেভেলপার মো. শাহনেওয়াজ রাসেল, এজিএম মো. শরিফুল ইসলাম ও প্রজেক্ট ম্যানেজার মো. নিয়ামত উল্লাহ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের (কেএমএস) এসআরএস প্রণয়ন ও সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।










