,

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে আব্দুল হালিম (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। তিনি নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দেয়ানা উত্তরপাড়ার হোসেন শাহ রোডের মৃত মোহাম্মদ শেখের ছেলে ছিলেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে আব্দুল হালিম দৌলতপুরের কল্পতরু মার্কেটের কাছে একটি চায়ের দোকানে অজ্ঞাত দুই ব্যক্তির সঙ্গে চা খান। এরপর তিনি মোটরসাইকেলে করে মুচিপাড়া হয়ে দেয়ানার উত্তরপাড়ায় নিজ বাড়ির দিকে রওনা দেন। পথে আজিজুরের দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর ছয় রাউন্ড গুলি ছোড়ে এবং পালিয়ে যায়; এর মধ্যে তিনটি গুলি তার বুকে ও একটি মাথায় লাগে।

দৌলতপুর থানার ওসি মোরাদুল ইসলাম জানান, বুকে তিনটি ও মাথায় একটি গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল হালিমের মৃত্যু হয়। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানান ওসি; তবে কারা ও কী কারণে তাকে হত্যা করেছে, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না এবং জড়িতদের শনাক্ত ও কারণ উদঘাটনে চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আব্দুল হালিম চলতি বছরের শুরুর দিকে কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টিপুর সহযোগী ছিলেন। টিপুর মতো স্থানীয় একটি চরমপন্থি দলের শীর্ষ নেতার সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল এবং এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকানের পাশে ক্যারাম বোর্ড খেলছিলেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার একপর্যায়ে দৌলতপুরের দিক থেকে মোটরসাইকেলে করে হেলমেট পরা তিন যুবক সেখানে এসে ক্যারাম বোর্ড খেলা ব্যক্তিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তারা পালানোর চেষ্টা করেন; তখন সন্ত্রাসীরা পরপর আরও তিন রাউন্ড গুলি চালায়, যেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ফাঁকা স্থানে আরও দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা, এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান জানান, শলুয়া বাজারে পিস্তলের গুলির ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এতে কেউ হতাহত না হলেও কারা ও কী কারণে এ গুলিবর্ষণ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছে এবং এ সময়ে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তারও হয়েছেন; কয়েক দিন শান্ত থাকার পর মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে তিনটি গুলির ঘটনাসহ পাঁচটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ