কিশোরগঞ্জে শিশু রামিসাসহ সারাদেশে ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে (জুমার নামাজের পর) কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে ‘কিশোরগঞ্জের তৌহিদী জনতা’র ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সময় বিক্ষোভকারীরা ধর্ষক ও খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন-বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মো. বরকত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল তামজিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কিশোরগঞ্জ জেলা জুলাই আহতদের ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম নাদিমসহ ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।






