কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় মো. মোনায়েম খাঁন নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে|
শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়|
বহিষ্কৃত মো. মোনায়েম খাঁন উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন|
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে| সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়|
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়া ছাড়াও মোনায়েম খাঁনকে সাংগঠনিক কার্যক্রমে পাওয়া যাচ্ছিল না| সার্বিক শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে|










