বিভিন্ন অঙ্গনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম সাময়িকী। এতে ‘লিডারস’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে আরও আছেন- ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ, মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শেইনবাউম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিসহ ২৪ জন।
বুধবার প্রকাশিত টাইমের নিবন্ধে তারেক রহমান সম্পর্কে বলা হয়েছে, কয়েক মাস আগেও তিনি দক্ষিণ-পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। কিন্তু ২০২৪ সালে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তারেক রহমান বিরোধী দলের আন্দোলনকারী থেকে দেশের পরবর্তী জাতীয় নেতা হয়ে ওঠেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তাঁর দল নিরঙ্কুশ জয় পেয়েছে।
টাইম লিখেছে, এই জয়ের মধ্য দিয়ে তারেক রহমান মূলত তাঁর মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করলেন। তবে এর আগে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে ঢাকায় ফেরার মাত্র পাঁচদিনের মাথায় তিনি তাঁর মাকে হারান। গত জানুয়ারিতে যখন তিনি টাইম সাময়িকীকে সাক্ষাৎকার দেন তখনো সেই শোক তাজা ছিল। তবে তখন তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন, ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে ১৭ কোটির বেশি মানুষের দেশকে ঐক্যবদ্ধ করবেন। অর্থনীতিকে আবারও গতিশীল করে তুলবেন।
বর্তমানে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতি ও তরুণদের বেকারত্বের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি আঞ্চলিক পরাশক্তি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এসব সংকট মোকাবিলায় তারেক রহমানকে এখন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও লিখেছে টাইম।
প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় লিডারস ক্যাটাগরিতে আরও স্থান পেয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, জাপানের সানায়ে তাকাইচি, ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের বালেন্দ্র শাহ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুমবো নানদি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।







