কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২ ঘণ্টার ব্যবধানে শ্বশুরের মৃত্যুর খবর শুনে জামাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতরা হলেন-কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. আবদুল করিম (৭২) ও একই উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে মো. হিরা মিয়া (৪৮)। তারা সম্পর্কে শ্বশুর ও জামাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শ্বশুরের মৃত্যুর সংবাদ শুনে একই গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে ও আবদুল করিমের মেয়ের স্বামী মো. হিরা মিয়া (৪৮) হৃদরোগে আক্রান্ত হন। পরে তিনি মারা যান। একই পরিবারের দুইজনের পরপর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।









