সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক প্রসূন আশীষের ওপর হামলার নিন্দা বিএসআরএফের

সিনিয়র সাংবাদিক প্রসূন আশীষের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। একইসঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

সোমবার (০৯ মার্চ) এক বিবৃতিতে বিএসআরএফএর সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে অফিসে যাওয়ার পথে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা শুধু নিন্দনীয়ই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

তারা বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বারবার হামলা ও হয়রানির শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক।

ভুক্তভোগী সাংবাদিক প্রষুন আশীষ জানান, রোববার (০৮ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে বিদ্যুৎ ভবনের সামনে ট্রাফিক সিগন্যালে আটকে পড়ে আমাদের সময় সংবাদের গাড়ি। সিগন্যাল ছাড়লে গাড়ি চলতে শুরু করে, হঠাৎ ট্রাফিক সার্জেন্ট গাড়ি চলাচল বন্ধ করে দেন। এ সময় চালক হর্ন বাজালে উত্তেজিত হয়ে পড়েন সেই ট্রাফিক কর্মকর্তা। পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন পথচারীদের একজন। সেই দৃশ্য ধারণে বাধা দিতে গিয়ে হঠাৎ মব তৈরি করে আমাদের সময় সংবাদের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমানের ও আমার ওপর সরাসরি হামলা চালান জাতীয় নাগরিক পার্টি এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান।

বিএসআরএফ নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা আহত সাংবাদিক প্রসূন আশিষের দ্রুত সুস্থতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ