রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেপ্তাররা হলেন মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলাউদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)। এরমধ্যে রায়হান উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তিনি আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন।
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
হারানো রূপে ফিরছে হাজার বছরের সিন্দুরমতি / ১৫০ কোটির মেগা সংস্কারে বদলে যাচ্ছে ঐতিহাসিক তীর্থস্থান
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করে ডিবি। পরে তার দেওয়া তথ্য অনুসারে, ডেমরার ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহ নামের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যে লালবাগ থানাধীন জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় ইটের সুড়কির বস্তা থেকে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
এর আগে, ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টায় যাত্রাবাড়ী থানার সামনে পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন সাধারণ পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তার রায়হান উদ্দিন এর আগেও মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে বেরিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি ও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।







