রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভৈরব রেলস্টেশনে সংঘর্ষের ঘটনায় ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে সংঘর্ষ, পুলিশ সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর এবং রেলওয়ে থানা ভাঙচুরসহ রেলওয়ের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (৬ জুন) ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ভৈরব রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ৮ জন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পাঁচ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে অন্তত ছয়টি ট্রেন বিভিন্ন স্টেশন ও পথে আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এই সময় সংঘর্ষকারীরা স্টেশন মাস্টারের কক্ষসহ রেলওয়ের কয়েকটি স্থাপনায় ভাঙচুর করে। প্রথমে রেলওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরে থানা-পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং রেল চলাচল শুরু হয়।

এদিকে ভৈরব রেলস্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ মিয়া জানান, সংঘর্ষের ঘটনায় স্টেশনের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা পেলে রেলওয়ের পক্ষ থেকেও মামলা দায়ের করা হবে।

এই প্রসঙ্গে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ জানান, সংঘর্ষে থানা ভবন ও পুলিশের গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এইসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ