সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে: প্রধানমন্ত্রী

স্বাধীনতা যুদ্ধের সময় জনগণকে বিভ্রান্ত করা শক্তি এখনো মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি জনগণের জন্য কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) যশোর ঈদগাঁ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকারের পরিকল্পনা বাধাগ্রস্ত করতে চায় একটি মহল, যারা নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করেছিল। মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে দেশের সেবা করার জন্য। দেশের মানুষের আস্থা আছে বিএনপির ওপর।

৫ আগস্টের পর একটি দল ফ্যাসিবাদের অনুসারীদের ক্ষমা করে দেয়ার ঘোষণা দেয় উল্লেখ করে তিনি বলেন, যারা বড় বড় কথা বলছে তারা আওয়ামী লীগকে মাফ করে দেয়ার কথা বলেছে। তারাই ফ্যাসবিবাদের দোসরদের সঙ্গে বৈঠক করছে আর বক্তৃতার মঞ্চে যারা বড় বড় কথা বলে।

জনগণের ন্যায্য দাবি পূরণ করাই সরকারের অগ্রাধিকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদের পাস করা হবে। দেশের মানুষের স্বার্থে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করবে বিএনপি সরকার। মোট জনগোষ্ঠীর অর্ধেক নারীকে পেছনে ফেলে কোনো উন্নয়ন সম্ভব নয়। নারীদের দেয়া কয়েক লক্ষ ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে কোটিতে পৌঁছাবে।

তারেক রহমান বলেন, দেশের জনগণ শান্তি, সমৃদ্ধি ও ভালোভাবে বাস করতে চায়। আর জনগণ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন চায়। তাই জনগণের শান্তি নষ্ট করবে এমন কাজ করতে দেয়া হবে না।

এ দিকে দুপুর আরেক সভায় ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে অলস বসিয়ে রাখলে চলবে না, এই বিশাল জনশক্তিকে দেশ গড়ার কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তিলে তিলে রক্ত দিয়ে হলেও তা পালন করা হবে।

দুপুরে যশোরের শার্শা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘উলসী-যদুনাথপুর’ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছর ধরে এই খাল ভরাট ও দখল হয়ে পড়ে ছিল। এতে কৃষকের কোনো উপকার হয়নি। আমরা এই চার কিলোমিটার খাল পুনঃখনন করছি। এর ফলে ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবে, ১৪শ’ টন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে এবং প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি সুফল পাবে। খালের দুই পাড়ে ৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে।

তিনি আরও বলেন, খালে পানি থাকলে মা-বোনেরা হাঁস পালন করে বাড়তি আয় করতে পারবেন। আগামী ৫ বছরে আমরা সারাদেশে ২০ হাজার কিলোমিটার ‘জিয়া খাল’ খনন করতে চাই, যাতে গ্রামীণ অর্থনীতি সচল হয়। দেশনেত্রী খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের শিক্ষা ডিগ্রি (উচ্চতর) পর্যন্ত ইনশাআল্লাহ ফ্রি করা হবে। পাশাপাশি মেধাবীদের জন্য থাকবে বিশেষ উপবৃত্তি।

মা-বোনদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘এলপিজি কার্ড’ চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, নারী প্রধান পরিবারগুলোকে আমরা ফ্যামিলি কার্ড দেব। এর মাধ্যমে প্রতি মাসে সরকার থেকে ২ হাজার ৫০০ টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে। এছাড়া রান্নার কষ্ট লাঘবে দেওয়া হবে এলপিজি কার্ড।

তারেক রহমান বলেন, আমরা ওয়াদা করেছিলাম ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করবো। সরকার গঠনের ১০০ দিনের মধ্যেই আমরা সেই কাজ শুরু করেছি। এছাড়া বন্ধ কলকারখানাগুলো চালুর প্রক্রিয়া চলছে, যাতে বেকার যুবকদের কর্মসংস্থান হয়। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সরকারি সম্মানী ভাতার কাজও ইতোমধ্যে শুরু হয়েছে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গড়ার পালা। আমরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব দল মিলে ‘জুলাই সনদ’ স্বাক্ষর করেছি। সেই সনদের প্রতিটি শব্দ আমরা বাস্তবায়ন করব।

দেশের বর্তমান পরিস্থিতিতে ষড়যন্ত্রের আভাস দিয়ে তিনি বলেন, কিছু ব্যক্তি ও দল গণঅভ্যুত্থানের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। ১৭৩ দিন হরতাল করে যারা অর্থনীতি ধ্বংস করেছিল, সেই ভূত এখন আবার অন্য কারো কাঁধে আছর করেছে। এদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।

বক্তব্যের শেষে ‘গড়বো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ নতুন এই স্লোগান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর যদি ৫০ বছরে বদলে যেতে পারে, তবে বাংলাদেশ কেন পারবে না? ১৯৭১ ও ২০২৪-এ এদেশের মানুষ অসাধ্য সাধন করেছে, এবারও দেশ গড়তে তারা সফল হবে।

সমাবেশে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে উলসী খালের ওপর একটি নতুন ও সুন্দর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি কোদাল হাতে মাটি কেটে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ