বন্ধ কলকারখানা চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে, পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবসে উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল। ফ্যাসিবাদী শাসনামলে প্রতিটি শ্রেণিপেশার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। ফ্যাসিবাদী শাসনামলে অর্থনীতিকে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল।
তিনি বলেন, শুধু হকার উচ্ছেদ করলে হবে না, তাদের কর্মসংস্থান তৈরি করতে হবে। খেটেখাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের পাশাপাশি যারা এখনও বেকার তাদের কর্মসংস্থান তৈরি করতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে সরকার। এছাড়া শ্রমিক ও বেকারদের জন্য দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।’
এছাড়া নতুন কুড়ির মাধ্যমে দেশের পেশাদার খেলোয়াড় বাছাই করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার, ২ মে) থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হচ্ছে।’
কিছু মহল বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।







