গাজীপুরে শিশু হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৭ আগষ্ট) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চতুর্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহির উদ্দিন ওরফে মহর কুড়িগ্রামের রৌমারী থানার কোনাটিপাড়া এলাকার বাসিন্দা। দায়রা মামলা নম্বর ৩৩১০/২০২৩-এর নথি অনুযায়ী, দণ্ডবিধির ৩০২ ধারায় আনা হত্যা মামলায় আসামিকে দোষী সাব্যস্ত করেন আদালত। পরে তাকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ের নথিতে বলা হয়েছে, উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে ফাঁসিতে ঝুলিয়ে এ দণ্ড কার্যকর করতে হবে।
রায়ে বলা হয়েছে, আসামিকে গলায় ফাঁসি দিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে অনুমোদন না পাওয়া পর্যন্ত এ দণ্ড কার্যকর স্থগিত থাকবে। রায়ের বিরুদ্ধে আসামির উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।
জেলা বারের সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম জানান, ২০২৩ সালের ২৬ জুন রাতে ৫ বছর বয়সী মুসা আহম্মেদ রাফিকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা শামীম মীর কালিয়াকৈর থানায় অভিযোগ করেন।
তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি মহির উদ্দিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। আদালতের বিচারক এই মামলায় আসামিকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।






