বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলিয়ারচরে টয়লেটের ট্যাংকি থেকে শিশুর লাশ উদ্ধার

Oplus_131072

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর টয়লেটের ট্যাংকি থেকে আশরাফুল (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি (কাঁঠালতলা) এলাকার বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি থেকে শিশুটির (আশরাফুল) লাশ উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল (৪) উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি (কাঁঠালতলা) এলাকার শাহীনের ছেলে। শাহীন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশেই ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজ করেও শিশুটির সন্ধান পায়নি। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ শিশুটির দাদা আশরাফুলের লাশটি দেখতে পান। ট্যাংকির পানির ভেতরে থাকায় লাশটি পচাগলা অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ