,

কিশোরগঞ্জে ফিল্মি স্টাইলে বরযাত্রীর গাড়ি থেকে নববধূকে তুলে নিলেন ছাত্রদলকর্মী

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের গাড়ি আটকে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলকর্মী আতিকুর রহমান মিয়াদের বিরুদ্ধে।

রোববার (৩০ আগস্ট) রাতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর-নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের জিলু মিয়ার প্রবাসী ছেলে আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার পর নববধূকে সঙ্গে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে হাজীপুর বাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটিকে আতিকুর রহমান মিয়াদের নেতৃত্বে ২০ থেকে ২৫ যুবক গতিরোধ করে। একপর্যায়ে তারা মাইক্রোবাসে ভাঙচুর ও বরকে মারধোর করে নববধূ তামান্নাকে জোর করে মাইক্রোবাস থেকে নামিয়ে নিয়ে যায়। এই সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে বরপক্ষের পক্ষ থেকে সোমবার (৩১ আগস্ট) সকালে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এই বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ