,

কিশোরগঞ্জে একদিনে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৩৬ জন রোগী

কিশোরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় (একদিনে) নতুন করে আরও ৫২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাইকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ১৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এইসব তথ্য জানানো হয়েছে।

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৪১ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৪ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতির চিত্র তুলে ধরে আরও জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৭৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় (একদিনে) ৫৯ জনসহ এই পর্যন্ত ১ হাজার ৬৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযানসহ নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সর্বসাধারণকে সচেতন থাকার আহবান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ