কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় দুই গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ে ঈদ উদযাপন করেছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের বাহেরচর মসজিদ ও পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের বাহেরচর মসজিদে ঈদ জামাতে আশপাশের উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মানুষ অংশ নেন। ঈদ জামাতের ইমামতি করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের মাওলানা মোরশেদুর রহমান।
এছাড়াও পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে শতাধিক নারী-পুরুষ পৃথকভাবে ঈদের জামাত আদায় করেন।
ঈদের নামাজের পর একে-অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ এইভাবে পবিত্র রোজা ও দুই ঈদ পালন করে আসছেন।









