কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিখোঁজের তিন দিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত জিল্লুর রহমান (৪০) পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী পৌর এলাকায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন জিল্লুর রহমান (৪০) । সেই সুবাদে তিনি স্ত্রী-সন্তানসহ পরিবার নিয়ে কটিয়াদী সদরে বসবাস করে আসছিলেন। গত শুক্রবার (১৫ মে) সকালে নাশতা খেয়ে বাসা থেকে বের হন জিল্লুর রহমান (৪০)। এরপর দুপুরে স্ত্রীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। পরে ফোনে কল গেলেও তিনি রিসিভ করেননি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার (১৮ মে) সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ভিতরের মেঝেতে জিল্লুর রহমানের লাশ দেখতে পান তার স্ত্রী। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে নিজ ব্যবসা-প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী জিল্লুর রহমান অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়াও তার মৃত্যু নিয়েও ছড়িয়েছে ‘রহস্য’।
এই বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।






