রাত ১০টার পরে আবাসনে অতিথিদের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন কর্তৃপক্ষ। প্রতিবাদ করে পুলিশের সাহায্য চান উর্ফী জাভেদ। অভিযোগ, এর পরেই নানা ভাবে হেনস্থা করা হচ্ছে তাঁকে।
আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন রিয়্যালিটি শোয়ের পরিচিত মুখ উর্ফী জাভেদ। এর আগে রাত ১০টার পর আবাসনে অতিথিদের প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। এই বিষয়ে মুম্বই পুলিশের সাহায্যও চেয়েছিলেন উর্ফী। এ বার তাঁর অভিযোগ, নিজের বাড়ির ভিতরে ‘কনটেন্ট’ শুট করার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে আবাসন কর্তৃপক্ষ। তাঁদের যুক্তি, সমাজমাধ্যমে সেই ভিডিয়ো আপলোড করা হয় বলে এই ধরনের শুটিং বাণিজ্যিক কাজের আওতায় পড়ে এবং তা উর্ফীর জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে।
মঙ্গলবার, ২৭ অক্টোবর, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিযোগ করেন উর্ফী। তাঁর দাবি, সন্ধ্যা ৬টার পর কোনও অতিথি আবাসনে প্রবেশ করতে চাইলে বাসিন্দাদের বাড়িওয়ালার মাধ্যমে অনুমতি নিতে হবে— এমন একটি নিয়ম চালু করা হয়েছিল। সেই নিয়মের বিরুদ্ধে পুলিশকে জানানোর পর থেকেই হেনস্থার ঘটনা শুরু হয়েছে বলে অভিযোগ তাঁর। নেটপ্রভাবী লেখেন, “আমার এই পদক্ষেপে ওদের ভঙ্গুর পুরুষ-অহংয়ে আঘাত লেগেছে। ওরা আমার বাড়িওয়ালাকে বলেছিল যাতে আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। কিন্তু তিনি তা করেননি। তাই এখন চার-পাঁচ জন পুরুষ আমাকে হেনস্থা করার জন্য এমন নীচ মানসিকতার কৌশল অবলম্বন করতে বাধ্য হয়েছে। নিজের জন্য খানিকটা গর্বই হচ্ছে।”










