ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র, কন্যা, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলরের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলায় জন্ম নেওয়া ইউসুফ হোসেন হুমায়ুন একাধারে একজন রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন।
প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন ছাত্রজীবনে বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।






