কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার খয়েরপুর–আব্দুল্লাহপুর ইউনিয়নের কদমচাল গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খয়েরপুর–আব্দুল্লাহপুর ইউনিয়নের কদমচাল গ্রামের আজমান মিয়া ও তার সহোদর ভাই ইব্রাহিম মিয়ার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার (৩ মার্চ) রাতেও পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এর জের ধরে বুধবার (৪ মার্চ) সকালে আজমান মিয়ার শ্বশুরবাড়ির লোকজন ইব্রাহিম মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এই বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খাঁন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









