টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। সমুদ্রের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার বয়স হয়েছিলো ৪৩ বছর।
সহঅভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন রাহুল। ‘ভোলে বাবা পার করেগা’ নামের ওই ধারাবাহিকের শুটিং চলছিল ওড়িশার বালেশ্বর জেলার তালসারি সমুদ্র সৈকতে। শুটিংয়ের ফাঁকে সমুদ্রে নামেন এই অভিনেতা। একপর্যায়ে তিনি তলিয়ে গেলে সঙ্গে থাকা টেকনিশিয়ানরা দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে দিঘার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টালিউড অঙ্গনে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।









