সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে লাল-সবুজের দলকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। জাতীয় দলের জার্সিতে এর আগে ১১টি ম্যাচ খেললেও এই প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন তিনি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ফিফা উইন্ডোর বাইরে থাকায় ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। তবে গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছে দলের সাথে যোগ দেন এই দুই ফুটবলার। ফলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরু থেকেই একাদশে জায়গা করে নিয়েছেন তারা।
এদিকে, চোটের কারণে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ভুটান ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলা এই ফুটবলার পরদিন অনুশীলনে চোট পান। বিশ্বনাথের জায়গায় মূল একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম, যার একমাত্র গোলেই প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে মোট তিনটি পরিবর্তন আনা হয়েছে।
চলতি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে যেন অধিনায়ক বদলের পালা চলছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন তপু বর্মণ। কিন্তু প্রথম ম্যাচের দিন ওয়ার্ম-আপে চোট পেয়ে তিনি ছিটকে গেলে জামাল ভূঁইয়া দলকে নেতৃত্ব দেন। এবার একাদশে ফিরেই অধিনায়কত্বের দায়িত্ব পেলেন হামজা চৌধুরী।








