রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বেনজীর আহমেদ দুবাইয়ে আটকের বিষয়টি সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক হওয়ার বিষয়টি জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার জাতীয় সংসদের ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত থেকে ই-মেইল দিয়ে জানানো হয়েছে, দুর্নীতির মামলায় বেনজীর আহমদকে আটক করা হয়েছে।

দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। দুবাইয়ের একটি সূত্র জানায়, গত ১২ জুন দুবাইতে এলে বেনজীর আহমেদকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, আজ রোববার সকালে বিশ্বস্ত সূত্রে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে আটক হওয়ার বিষয়টি জানতে পারে সমকাল। এই খবর জানার পর পর্যায়ক্রমে পুলিশ সদর দপ্তরের দুইজন অতিরিক্ত আইজিপি, একজন ডিআইজি ও একজন এআইজির কাছে ফোন করে এ বিষয়ে জানতে চাওয়া হয়। তারা প্রত্যেকে বেনজীর আহমেদ দুবাইয়ে আটক হওয়ার কথা নিশ্চিত করেন। তবে আনুষ্ঠানিক বক্তব্য দিতে বা নাম প্রকাশে তারা রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, গত ১২ জুন দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে একটা চিঠি এসেছে। ওই চিঠিতে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হাতে আটক হওয়ার কথা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ