বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে, দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুই টেকসই হবে না।’
তিনি বলেন, ‘কেউ কেউ শুধু দলীয় স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা করে বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাই সকল বিশ্বাসীদের প্রতি আহ্বান, কেউ যেন বিশ্বাসে মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে সেদিকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ আমাদের সবার, আমরা সবাই বাংলাদেশি।’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় সংঘটিত গণ-আন্দোলন ও সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।’







