ডিসেম্বরে শুধু শীত আসবে, কিন্তু পলাতক শেখ হাসিনা আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
পলাতক শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে শুধু শীত আসবে। একমাত্র গ্যারান্টি শীত আসবে। এটা বোধহয় নিশ্চিতভাবে আসছে।’
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা নিছক গুজব উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার কথা বলে লাভ নেই, আসবে না ডিসেম্বরে। ডিসেম্বর হয়ে যাবে, শেখ হাসিনা আসবে না। তিনি টেররিস্ট। টেররিস্টের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা আন্ডার স্ট্রিক্ট সারভেইল্যান্স তাকে আনা হবে। এটাই একমাত্র উপায়।’
শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই হাজার মানুষকে হত্যা করে পালিয়েছেন। অপরাধীর মতোই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় হাতকড়া পরিয়ে শেখ হাসিনাসহ হাদি হত্যাকারী ও পলাতক সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনা হবে।
‘বাংলাদেশে শেখ হাসিনা, তার লুটেরা পরিবার ও দলের কোনো স্থান নেই। এ দেশের মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’, যোগ করেন হুমায়ুন কবির।
পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর এক মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুনিয়ার সব জায়গায় রাজনৈতিক পাগল থাকে। রাজ্য সরকারের কথায় কিছু আসে যায় না। আমাদের সম্পর্ক হবে কেন্দ্র সরকারের সঙ্গে। গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতকে চিঠি দেয়া হয়েছে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।
এ সময় হুমায়ুন কবির আরও বলেন, ১৩টি দেশের ওপর মার্কিন শুল্কারোপ তাদের রাজনৈতিক নীতির অংশ। অযৌক্তিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে দরকষাকষি করবে বাংলাদেশ।
এ ছাড়া, আগামী ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।






