,

গাজীপুরে টর্চার সেলের সন্ধান হানিট্র্যাপ চক্রের চারজন আটক

গাজীপুরের শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণ-তরুণী ও পথচারীদের জিম্মি করে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে মিলেছে রক্তমাখা পোশাক, মোবাইল ফোন, বৈদ্যুতিক তার ও প্লাস্টিকের পাইপ। এ ঘটনায় হানিট্র্যাপ চক্রের চারজনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শ্রীপুরের টেপিরবাড়ী এলাকার এই বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক কারবার চলে। বাড়িটি ব্যবহার করা হচ্ছে নির্যাতন ও ব্ল্যাকমেইলের আস্তানা হিসেবে।

গত ১৫ আগস্ট মাওনার ব্যবসায়ী মোটরসাইকেলে যাওয়ার পথে হামলার শিকার হন। তাকে ওই বাড়িতে নিয়ে মারধর করা হয়। খুলে নেওয়া হয় পরনের পোশাক এবং ছিনিয়ে নেওয়া হয় আইফোন ও ওয়ানপ্লাস মোবাইল। পরে তার বন্ধুদের কাছ থেকে বিকাশে প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই বাড়িটির ওপর নজর রাখছিলেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার দুপুরে রহস্যজনকভাবে কয়েকজন তরুণ-তরুণীকে বাড়িতে ঢুকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে তারা বাড়িটি ঘেরাও করেন। বাড়িতে তল্লাশি চালিয়ে দামি মোবাইল ফোন, রক্তমাখা জামাকাপড়, আরও কয়েকজনের ছেঁড়া পোশাক, প্লাস্টিকের পাইপ, বৈদ্যুতিক তার, একাধিক মানিব্যাগ, খালি মোবাইল কভার ও মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ সময় অভিযুক্ত খোকন মিয়া কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রীসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটকদের মধ্যে কয়েকজনকে গণপিটুনিও দেওয়া হয়।

শ্রীপুর মডেল থানার ওসি মোঃ শাহীনুর আলম জানান, আটক হওয়া হ্যানিটেপ চক্রের চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্তে বেরিয়ে আসতে পারে এই চক্রের আরও সদস্য ও তাদের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ