,

আজ শহীদ নূর হোসেন দিবস

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।

সেদিন বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে রাজপথে বিক্ষোভে অংশ নিয়েছিলেন নূর হোসেন। এ সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।

১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন ছাড়াও নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে।

তবে একই দিন ভিন্ন কর্মসূচিতে দিবসটি পালন করে জাতীয় পার্টি। ১৯৮৬ সালের ১০ নভেম্বর দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণার স্মরণে দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে দলটি।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।

এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক এ সভায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ